গ্যাসের চাপ কমতে পারে সারা দেশে, সতর্ক করল তিতাস

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

মহেশখালীস্থ এলএনজি  টার্মিনালসমূহে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে গেছে। স্বাভাবিক সময়ে টার্মিনাল দুটির মাধ্যমে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১,০০০ এমএমসিএফডি আরএলএনজি সরবরাহ করা হয়। সে হিসাবে বর্তমানে সরবরাহ প্রায় ৪৫ শতাংশ হ্রাস পেয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানিয়ে বলেছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে এবং অনেক গ্রাহক স্বল্পচাপের সমস্যায় পড়তে পারেন।

গ্যাস খাতসংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্যাস সরবরাহে এলএনজির অবদান উল্লেখযোগ্য। ফলে মহেশখালী টার্মিনাল থেকে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হওয়ায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক এবং বিদ্যুৎ উৎপাদন খাতেও এর প্রভাব পড়তে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত