মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

শুনানিতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মোজাফফর বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। আবেদন মঞ্জুর করে আদালত তাঁকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফরকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত