কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আফতাব মজুমদার জয় নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে বুধবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় (২৮) নগরের খুলশী থানার ওয়ারল্যাস কলোনি এলাকার বাসিন্দা ও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য।

ভুক্তভোগী তরুণী (১৯) নগরের একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কলেজছাত্রী। মামলার এজাহারে ভুক্তভোগী তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তাদের। তিন মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  ১৪ জুলাই রাতে আফতাব তাকে বিয়ে করার কথা বলে নগরের বহদ্দারহাটে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। কিন্তু বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে আবার বাসায় ফিরে যেতে বাধ্য করেন। এরপর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন আফতাব। পরে তিনি জানতে পারেন, আফতাব বিবাহিত। তার সন্তানও আছে।

চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য আবুল কালাম আজাদের ভাষ্য, আফতাব চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত