হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন পালন করেছেন অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যক্তিত্ব আব্দুল কাইয়ুম মেম্বার এবং সঞ্চালনা করেন এখলাছুর রহমান সিরাজী।
মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী ফজলে ইমাম সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাদেক মিয়া, সাইফুল ইসলাম মেম্বার, আব্দুল হামিদ চৌধুরী, উবায়দুল্লাহ, শেখ শামীম রেজবী, আব্দুল হামিদ সরদার, আবুল কাসেম, জাহানারা বেগম, মো. আলাউদ্দিন পাটোয়ারী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের ক্ষেত্রে একটি বিশেষ মহল অনিয়ম ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তারা এ বিষয়ে অবিলম্বে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্থানীয় সুশিক্ষিত, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করা জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।