মেসিকে আইডল মানা করিম আদেইয়েমি বার্সেলোনায়

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম

অ্যান্থনি গর্ডনের পর ২০২৬-২৭ মৌসুমের জন্য নিজেদের দ্বিতীয় ক্লাব চুক্তি হিসেবে করিম আদেইয়েমিকে দলে ভিড়িয়েছে এফসি বার্সেলোনা। ২৪ বছর বয়সী এই জার্মান উইঙ্গার বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় যোগ দিয়ে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছেন। 

গত চার মৌসুম ধরে ডর্টমুন্ডের হয়ে খেলার পর আদেইয়েমির এই দলবদল বেশ গোপনীয়তার সঙ্গেই সম্পন্ন করা হয়েছে। ১৫ জুলাই (বুধবার) তিনি বার্সেলোনায় পৌঁছান এবং পরবর্তী সময়ে চিকিৎসা ও চুক্তি সংক্রান্ত আনুষ্ঠানিকতা পূরণ করেন। সমঝোতার চুড়ান্ত শর্তাবলি ও চুক্তির খুঁটিনাটি বিষয় মেটাতে দু'পক্ষের মধ্যে কয়েক দিন সময় লাগলেও শেষ পর্যন্ত সফল চুক্তি হয়।

বছরে ২২ মিলিয়ন ইউরো বেতন পাবেন আদেইয়েমি। পারফরম্যান্স ও ক্লাবের অর্জনের ওপর ভিত্তি করে আরও ৭ মিলিয়ন ইউরো পাবেন। 

জার্মানি জাতীয় দলে দায়িত্ব পালনকালে হ্যান্সি ফ্লিকই প্রথম করিম আদেইয়েমিকে সিনিয়র দলে অভিষেকের সুযোগ দিয়েছিলেন। ফলে প্রাক্তন কোচের অধীনে পুনরায় খেলার বিষয়টি এই তরুণ উইঙ্গারের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে, "যখন প্রথম এই প্রস্তাবের কথা জানতে পারি, বিশ্বাসই করতে পারিনি; কারণ আমার গত মৌসুমটি সেরা ছিল না। ফ্লিক আমার জন্য বড় সমর্থক হিসেবে কাজ করেছেন। তিনি আমাকে সরাসরি বলেছেন, 'আমি তোমাকে চাই, তবে তোমাকে তোমার সেরাটা দিতে হবে।' আমার জন্য এটি একটি অনন্য সুযোগ। বার্সায় আমার রোল মডেল ও আইডল হলেন মেসি ও রোনালদিনহো, যদিও আরও অনেকেই আছেন।"

আদেইয়মির বিশেষত্ব হচ্ছে- গতি এবং রক্ষণভাগের পেছনের ফাঁকা জায়গা ব্যবহার করার ক্ষমতা। বাঁ-পায়ের জোরালো শট ও 'ওয়ান-অন-ওয়ান' পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার দক্ষতা। মূলতঃ উইঙ্গার হিসেবে খেললেও প্রয়োজনে আক্রমণের মাঝেও অবস্থান নিতে পারেন। দলে তাঁর প্রাথমিক ভূমিকা হবে উইংয়ে লামিনে ইয়ামালকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া। মূলত রুনি বার্দঘজির রেখে যাওয়া জায়গা পূরণ করবেন তিনি। 

ডর্টমুন্ডের হয়ে ৪ মৌসুমে ১৪৬ ম্যাচে ৩৬ গোল করেছেন, অ্যাসিস্ট ২২ টি

২০০২ সালের ১৮ জানুয়ারি মিউনিখে জন্মগ্রহণকারী আদেইয়েমির বাবা নাইজেরিয়ান ও মা রোমানিয়ান। ডর্টমুন্ডের হয়ে ৪ মৌসুমে ১৪৬ ম্যাচ, ৩৬ গোল করেছেন, অ্যাসিস্ট ২২ টি। চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ৪৮ ম্যাচ, ডর্টমুন্ডের হয়ে ৩৭টি, তার আগে  সালজবার্গের হয়ে ১১টি। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত