ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে সবুজায়ন 

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯ নম্বর নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২ হাজার ৩০৭টি আম্রপালি আমের চারা বিতরণ করা হয়েছে।

আয়োজক নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদ জানায়, সরকারের ৫০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ইউনিয়নের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বিনামূল্যে এসব চারা বিতরণ করা হয়।

ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ২০টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ২ হাজার ৩০৭ জন শিক্ষার্থীর হাতে একটি করে আম্রপালি আমের চারা তুলে দেওয়া হয়।

নোয়াপাড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল বলেন, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সহশিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, ছোটবেলা থেকেই তারা গাছের প্রতি ভালোবাসা গড়ে তুলুক এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক।

তিনি জানান, যেসব শিক্ষার্থী যথাযথ পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে ফলবান গাছে পরিণত করতে সক্ষম হবে, তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিনামূল্যে আম্রপালি আমের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। একই সঙ্গে শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় সচেতন মহল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত