রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্পিকার

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:২১ পিএম

থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশের মাটিতে পা রেখেই বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে তিনি জানান।

শুক্রবার (২৪ জুলাই) থাইল্যান্ড সফর শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্পিকার বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি জানান, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন তিনি।

স্পিকার বলেন, তিনি দেশের বাইরে ছিলেন। ফলে এ সময়ে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে তার জানা নেই। দেশে ফিরে এখন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, মূলত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংককে গিয়েছিলেন। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় দুদিন আগে দেশে ফিরে এসেছেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয় জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত