সাভারে গ্যাসের লিকেজের আগুনে দম্পতি দগ্ধ

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:২৪ পিএম

সাভারে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে এক দম্পতি দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই এলাকার কাওসার ও তার স্ত্রী রুবি। তারা পোশাক কারখানার কর্মী। 

কায়সারের বাবা সীমান শেখ বলেন, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন। শুক্রবার ভোরে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলছেন, আগুনে কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পোড়ার পরিমাণ বেশি থাকায় তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় আইসিইউ নেওয়া হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত