জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) দেশব্যাপী দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (২৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সংসদ এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সূচি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ও ২৯ জুলাই (মঙ্গলবার ও বুধবার) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত