চট্টগ্রামের চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের দেওয়া আগুন পুড়ে সাতটি গরু দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি গরু মারা গেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদ স্থানীয় মো. মোস্তাক মিয়ার একটি গোয়াল ঘরে এঘটনা ঘটে।
গরুগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় চন্দনাইশ থানায় লিখিত অভিযোগে প্রস্তুতি চলছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. মোস্তাক মিয়া বলেন, তার গোয়াল ঘরে মোট সাতটি গরু ছিল। প্রতিদিনের মতো তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। এ সময় দরজা খুলে দেখেন গোয়াল ঘরে আগুন জ্বলছে। ওই সময়ের মধ্যে ৭টি গরু পুড়ে যায়। এর মধ্যে একটি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি ৬টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ গোয়াল ঘরে আগুন দিয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন তিনি।
ভুক্তভোগী কৃষক জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো কিনে লালন পালন করছিলেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।