রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলসহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্পিকারের সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে সোমবার সংসদ সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইসি। আখতার আহমেদ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় পদটি শূন্য হয়েছে।
চিঠিতে সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদের বিধান উল্লেখ করে বলা হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী স্পিকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচন কমিশন সরকারি গেজেটে তফসিল ঘোষণা করবে।
চিঠিতে স্পিকারের সুবিধাজনক সময় নির্ধারণ করে সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে সিইসির সঙ্গে অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। সহযোগী কর্মকর্তা হিসেবে ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলমও থাকবেন।
গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন।