ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বহুল আলোচিত একটি ডাকাতি মামলার মূল পরিকল্পনাকারী ও ডাকাত দলের সর্দার হিসেবে অভিযুক্ত মো. নুরে আলমকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ভোলা জেলা পুলিশ। গ্রেপ্তার নুরে আলম কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কালাম মাঝির ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে মো. জালাল আহম্মেদের (৭৩) বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এ সময় ৫ থেকে ৭ জনের একটি দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বিশেষ অভিযানে কাচিয়া ইউনিয়নের পদ্মমনসা এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য মো. আরিফ (২২) ও মো. রহিমকে (২২) গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডাকাতির সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করার করেন। অভিযুক্তরা নুরে আলমকে পুরো ঘটনার পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী হিসেবে উল্লেখ করেন।
তাদের দেওয়া তথ্য ও মামলার তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে নুরে আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা জানান, গ্রেপ্তার নুরে আলমকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
