সতীর্থদের শোচনীয় ব্যাটিং দেখলেন বাবর আজম

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ এএম

তারুবার কঠিন উইকেটে ক্যারিবীয় পেসারদের তোপের মুখে তাাসের ঘরের মতো ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনেই মাত্র ১২০ রানে গুটিয়ে গেল সফরকারীরা। উইকেটের একপ্রান্ত আগলে রেখে বাবর আজম লড়াই চালালেও অন্যপ্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল থামেনি মুহূর্তের জন্যও। ৯০ রানের দাপুটে জয় নিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ২৯ রানের লিড পাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে অলআউট হলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১১ রান। তবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে সফরকারীরা। দলীয় ২৮ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে একপ্রান্ত আগলে রাখেন বাবর আজম।

ক্যারিবীয় পেসারদের বাউন্স ও লেট সুইং দারুণ সামলে নিচ্ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু উইকেটের অন্যপ্রান্তে চিত্রটা ছিল একেবারেই ভিন্ন।

কেমার রোচ ও জেইডেন সিলসের ইন-সুইঙ্গার আর বাউন্সারে একে একে সাজঘরে ফেরেন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা। সতীর্থদের এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়ে অসহায় চোখে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না বাবরের। টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়া বাবর ৫৮ রানে অপরাজিত থাকেন শেষপর্যন্ত।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ ও ১৮১

পাকিস্তান: ২৮২ ও ১২০ (বাবর আজম ৫৮*, জেইডন সিলস ৫/১২, জাস্টিন গ্রিভস ২/২০)।

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ৯০ রানে জয়ী

সিরিজ: ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত