চট্টগ্রাম এইচএসসি

পরীক্ষায় ফের এআই ব্যবহার করে নকল, ছাত্রী বহিষ্কার

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় এক নারী পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

বহিষ্কৃত ছাত্রী চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এবিষয়ে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজা খান হেলালী বলেন, পরীক্ষার শুরুর দিকে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এক নারী পরীক্ষার্থী মোবাইলসহ ধরা পড়ে। তিনি মোবাইলে বহুনির্বাচনী প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকল করছিলেন। পরবর্তীতে তাকে বহিষ্কার করা।

মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করার সুযোগ পেল কীভাবে জানতে চাইলে তিনি বলেন, আমরা পর্যাপ্ত পরিমাণে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করতে দিয়েছি। আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় প্রচণ্ড ভিড় ছিল। এই সুযোগে তিনি হয়ত কোনভাবে মোবাইল নিয়ে প্রবেশ করেছে। এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

এর আগে গত সোমবার একই কায়দায় নকল করতে গিয়ে বহিষ্কার হয় চট্টগ্রাম বাকলিয়া কলেজের এক নারী পরীক্ষার্থী। এই দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯০৮ শিক্ষার্থী। এর মধ্যে কেবল চট্টগ্রামেই অনুপস্থিতি ছিলেন ১ হাজার ২৬৩ জন। বোর্ডে মোট অনুপস্থিতির হার প্রায় ২ দশমিক ৪৬ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এসব  তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বোর্ডের তথ্যানুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই পাঁচ জেলার ১১৪টি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৭ হাজার ৫৫৪ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৬৪৬ জন।

জেলাভিত্তিক হিসাবে কক্সবাজারে ২৭১ জন, খাগড়াছড়িতে ১৬০, রাঙ্গামাটিতে ১১২ ও  বান্দরবানে ১০২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত