পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে মারধর, হাসপাতালে ভর্তি

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে ফারুক হোসেন নামে জামায়াতের স্থানীয় এক নেতা মারধরের শিকার হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর পাওয়া গেছে। উপজেলার দাসপাড়া ইউনিয়নে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ফারুক হোসেন প্যাদা দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।

স্থানীয়দের দাবি, এক গৃহবধূর সঙ্গে ফারুক হোসেনের অনৈতিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগের জেরে কয়েকজন তাকে আটকে মারধর করেন। পরে খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে ফারুক হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির কয়েকজন পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালিয়েছে। হামলার সময় তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। তার দাবি, ব্যক্তিগত বিরোধকে ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছড়ানো হচ্ছে।

এদিকে অভিযোগ করে সংশ্লিষ্ট গৃহবধূর শাশুড়ি জাহানারা বেগম বলেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা পয়সার প্রলোভন দেখাতেন। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশও হয়েছিল। এরপরও তিনি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মারধরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে জানতে বাউফল উপজেলা জামায়াতের আমিন রফিকুল ইসলামের মোবাইল ফোনে কয়েকবার কল করে তাকে পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত