বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্র। সামগ্রিক ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা করুন) থেকে ‘লেভেল ২’ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন)-এ পরিবর্তন করা হয়েছে।
এর অর্থ, ভ্রমণের জন্য বাংলাদেশ আগের চেয়ে নিরাপদ।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বাংলাদেশের ভ্রমণ পরিস্থিতি আগের তুলনায় নিরাপদ হিসেবে বিবেচিত হওয়ার বিষয়টি প্রতিফলিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকের পর এই ইতিবাচক অগ্রগতি এসেছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর অংশ নেন। বৈঠক শেষে সার্জিও গোর একটি খুদে বার্তার মাধ্যমে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন বলে জানানো হয়েছে। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বের ইতিবাচক অগ্রগতিরও ইঙ্গিত বহন করে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।
