চট্টগ্রামের আনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে আবির নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পশ্চিমচাল এলাকায় শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত আবির গহিরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তারা পশ্চিমচাল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানায়,ঘটনার সময় শিশুটি তার মায়ের সঙ্গে ভবনের ছাদে উঠেছিল। একপর্যায়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন,রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
