বাউফলে চিহ্নিত সন্ত্রাসীর বিচার দাবি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম

পটুয়াখালীর বাউফলের হাজিরহাট এলাকার মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের মূলহোতা পুলিশের হাতে গ্রেপ্তারকৃত আজাহার উদ্দিন খানের বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার (১ আগষ্ট) সকালে আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট এলাকায় ব্যবসায়ী ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে হাজিরহাট বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালনকালে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে বিভিন্ন পেশার প্রায় কয়েক’শ মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে তারা ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

এসময় বক্তব্য রাখেন, আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন রেজা, ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক, হাজিরহাট বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিক শিকদার, সাধারণ সম্পাদক মাহবুল আলম বিপ্লব ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মারুফ মর্তূজাসহ অন্যরা।

বক্তারা বলেন, ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সভাপতি আজহার উদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা রাজু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। মাদক ব্যবসার মাধ্যমে তারা এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এছাড়া হানি ট্রাপ চক্রের ফাঁদে ফেলে এলাকার বিভিন্ন লোকজনকে ব্ল্যাকমেইল করে মোটা অংকের  টাকা হাতিয়ে নিচ্ছে।

৫ আগস্টে হাসিনা সরকার পতনের পর স্থানীয় হাজির হাটের ব্যবসায়ীদের কাছ থেকে মামলার ভয় দেখিয়ে কোটি টাকার বাণিজ্য করেছেন বলেও দাবি করেন তারা।
কয়েক মাস আগে পুলিশ তাদের গ্রেপ্তার করলেও অদৃশ্য ক্ষমতা বলে জেল থেকে বেরিয়ে এসেছেন আজাহার।

এসব মাদক কারবারি, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও হানিট্র্যাপ চক্রের হোতাদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন বক্তারা।

মানববন্ধন শেষে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল  নিয়ে দ্রোহ ও ক্ষোভ আর প্রতিবাদের শ্লোগান দেয় বিক্ষোভকারীরা। মিছিলটি হাজিরহাট থেকে শুরু হয়ে কাশিপুর বাজার পরিক্রমা শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত