প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ, বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদলের নেতা কর্মীরা

এ সময় তানভীরের কুশপুত্তলিকা দাহ ও তাতে জুতা নিক্ষেপ করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বেলা ২টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মহানগরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় পৌছে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহানগরের বিভিন্ন স্থানে টাঙানো এনসিপি নেতাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগন দেন ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য ও কটূক্তি মেনে নেওয়া হবে না। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় সমাবেশে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলটির কয়েকজন নেতার বক্তব্য নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে; কিন্তু কোনো রাজনৈতিক নেতা বা তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশালীন ও আপত্তিকর বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা গাজী সালাউদ্দিন তানভীরসহ যাদের বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতারা বগুড়াসহ সারা দেশে গাজী সালাউদ্দিন তানভীর ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবি জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, সহসভাপতি মশিউর, যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ হোসেন, সহসাধারণ সম্পাদক জিতু, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম, সদস্যসচিব রাফিউল আলামিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হীরা, সদস্যসচিব সোহাগ, বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসাইনসহ জেলা ছাত্রদল এবং ২৮টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত