নগরবাসী দায়িত্ব দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে অনিয়ম-দুর্নীতি দূর করার ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম।
তিনি বলেছেন, আগামীদিনে নগরবাসী আমাদেরকে সুযোগ দিলে আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করে অভূতপূর্ব উন্নয়ন করব, ইনশাআল্লাহ।
শনিবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত গণমিছিল শেষে পথ সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষ্যে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন-জাতীয় প্রেস ক্লাব-হাইকোর্ট চত্বর হয়ে মৎস্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।
দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং সক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, জনয়নুল আবেদীন এমপি ও হাফেজ রাশেদুল ইসলাম এমপি প্রমুখ।
সাদিক কায়েম বলেন, প্রয়োজনে আমরা জীবন দেব তবুও আমরা জুলাই শহীদদের আকাঙক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের দাবি থেকে পিছিয়ে যাব না।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ডাকুসর নেতৃত্বে আসার পর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। নগরবসাী দায়িত্ব দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে অনিয়ম-দুর্নীতি দূর করব।
