এমবাপ্পেদের ক্লাবে মোবাইল নিষিদ্ধ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মালিকানাধীন ফরাসি ক্লাব স্টেড মালহেরবে কান-এ এক ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন তার মা ফায়জা লামারি। ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশাসনিক প্রাঙ্গণে খেলোয়াড়দের জন্য মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন তিনি। খেলোয়াড়দের নিজেদের মধ্যে বোঝাপড়া ও আন্তঃসম্পর্ক বাড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফরাসি দৈনিক লেকিপ -কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের নতুন স্পোর্টিং ডিরেক্টর মাতিউ বোদমে এই পদক্ষেপের তীব্র প্রশংসা করেছেন।

নতুন সিদ্ধান্ত সম্পর্কে মাতিউ বোদমে জানান, ফায়জা লামারি একাডেমির শিক্ষা, আবাসন, খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত সহায়তার পাশাপাশি শৃঙ্খলা তৈরিতে বিশেষ নজর দিচ্ছেন। "ফায়জা প্রশিক্ষণ কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ করেছেন। এটি সত্যি চমৎকার একটি সিদ্ধান্ত। এর ফলে খেলোয়াড়েরা আবার একে অপরের সাথে সরাসরি কথা বলছে, একসঙ্গে বেশি সময় কাটাচ্ছে এবং ড্রেসিংরুম ও প্রাঙ্গণে তাদের মধ্যে যোগাযোগ ও মিথস্ক্রিয়া অনেক বৃদ্ধি পেয়েছে।"

২০২৪ সালের জুলাইয়ে কিলিয়ান এমবাপ্পের পারিবারিক বিনিয়োগ সংস্থা 'কোয়ালিশন ক্যাপিটাল' প্রায় ১৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব কান-এর মূল শেয়ার কিনে নেয়। তবে প্রথম মৌসুমে দলটি তৃতীয় বিভাগে অবনমিত হওয়ায় ফরাসি সংবাদমাধ্যম ও সমর্থকদের তোপের মুখে পড়ে এমবাপ্পে পরিবার।

এ প্রসঙ্গে বোদমে এমবাপ্পে পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, "নতুন মালিকরা আসার আগেই ক্লাবে বেশ কিছু সমস্যা বিদ্যমান ছিল। কোনো প্রতিষ্ঠানে নতুন পদক্ষেপে কিছু ভুল হতেই পারে, কিন্তু এটি প্রক্রিয়ারই অংশ।" তিনি বলেন "শুধু অর্থ ঢাললেই সঙ্গে সঙ্গে সফলতা আসে না। একটি টেকসই কাঠামো তৈরি করা, খেলোয়াড়দের বিকাশ ঘটানো এবং ক্লাবের নিজস্ব পরিচয় ফুটিয়ে তোলা প্রয়োজন।"

বর্তমানে কান-এর মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলে পুনরায় ফরাসি ফুটবলের দ্বিতীয় বিভাগ-এ ফিরে আসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত