চট্টগ্রামের মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও ভারতীয় স্কপ সিরাপসহ বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এলাকার থেকে শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পূর্ব হিঙ্গুলী কদমতলা এলাকার বোরহান উদ্দিন (৩৪) ও করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া (সরকার তালুক) এলাকার রহিম উল্লাহ রনি (৩৫)।
পুলিশ জানায়, বোরহানের কাছ থেকে একটি ৭.৬২ বিদেশি সেমি-অটোমেটিক পিস্তল, একটি ম্যাগাজিন, ৯ রাউন্ড তাজা গুলি, দুটি ছোরা, একটি ফোল্ডিং সুইচ গিয়ার এবং এক বোতল ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এসময় তার সহযোগী রহিম উল্লাহ রনির কাছ থেকেও ভারতীয় স্কপ সিরাপ উদ্ধার করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার বোরহান উদ্দিনের বিরুদ্ধে ৯টি এবং রহিম উল্লাহ রনির বিরুদ্ধে ৯টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
