ঢাকায় দিনের শুরুতে এক পশলা বৃষ্টি হলেও রোদ দেখা মিলছে। তবে বর্ষা মৌসুমের প্রভাবে শহরের বায়ুদূষণ অনেকটাই কমে আসায় রাজধানীবাসীকে স্বাস্থ্যহানি নিয়ে চিন্তা করতে হবে না। কারণ ঢাকার বাতাসের মান আজ ‘মাঝারি বা ভালো’।
সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক বা একিউআই স্কোর ৮৫। বায়ুমান সূচক অনুযায়ী এই স্কোরকে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার ১৬তম স্থানে রয়েছে ঢাকা।
বর্ষা মৌসুমে ঢাকার বাতাসের মান তুলনামূলক ভালো থাকে। তবে অন্য সময় বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকার প্রথম দিকেই থাকে রাজধানী শহর।
ঢাকার চেয়ে আজ দক্ষিণ এশিয়ার দুই শহরে বায়ুদূষণের মাত্রা বেশি। এর মধ্যে পাকিস্তানের লাহরের বাতাস আজও ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’,শহরটির একিউআই স্কোর ১৫৩ নিয়ে বায়ুদূষণে শীর্ষ স্থানে অবস্থান করছে। এ ছাড়া ১০২ একিউআই স্কোর নিয়ে ভারতের কলকাতা শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এরপরের স্থানে একিউআই স্কোর ১৪৪ ও ১৪৩ নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে বাহরাইন মানামা সিটি ও উগান্ডা কাম্পালা শহর।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি বা ভালো’ বলে বিবেচনা করা হয়। সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’বলে মনে করা হয়। ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
