৬ সপ্তাহ ধরে মজুরি বন্ধ, কারখানার সম্মুখে চা শ্রমিকদের অবস্থান

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানে দীর্ঘ ৬ সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি পরিশোধ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা। ​

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা চা কারখানার সামনে সমবেত হয়ে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় ​বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) দেওয়া হচ্ছে না। এর ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর ঊর্ধ্বগতির এই সময়ে মজুরি না থাকায় তারা চাল-ডাল পর্যন্ত কিনতে পারছেন না। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বাধ্য হয়ে অনেকেই চড়া সুদে ধারদেনা করে দিনাতিপাত করছেন। 
টানা বকেয়া মজুরি না পাওয়ায় চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছেন তারা। অবিলম্বে তাদের সমস্ত বকেয়া মজুরি পরিশোধের জোর দাবি জানান শ্রমিকরা। 

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, দ্রুত চা শ্রমিকদের সমস্যার সমাধান না হলে আরও কঠোর ও লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে চা শ্রমিকরা। বর্তমানে তাদের সরকারি সহায়তা প্রয়োজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত