চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬৬টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ২ হাজার ৪০০ পিস ঢেউটিন বিতরণ করা হয়েছে।
আনোয়ারায় বহ্জাতিক সার-কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) পক্ষ থেকে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১১ ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মাঝে এসব ঢেউটিন তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন প্রদান করা হয়, যা তাদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়ক হবে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, কাফকোর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান, প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক এস. এম. আলমগীর রহমান, মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক আবিদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক কহিনুর ইকবাল, সিনিয়র কর্মকর্তা (ভাইস প্রেসিডেন্ট) মোজাম্মেল হক, কাফকো শ্রমিক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কাফকোর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কাফকোর সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) গুরুত্বপূর্ণ অংশ। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণে এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। তিনি আরও বলেন,ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখবে কাফকো।
