ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর উদ্যোগে রবিবার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন।
এসময় তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি। একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সামাজিক সংগঠন আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ। তিনি জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং প্রবাসীদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, কাজী শাহীন, তানভীর ওয়াদুদ এবং মো. জাহিদুল ইসলাম। এছাড়া সভায় ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব কার্যকর করা এবং গণভোটের রায়ের যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তারা রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, আইনের শাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন সংকট, গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রবাসী বাংলাদেশিরা অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাষ্ট্রীয় সংস্কার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
