দেশের ১২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়ে সোমবার (৩ আগস্ট) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই আদেশ অনুযায়ী মোট ৯টি কলেজে নতুন অধ্যক্ষ এবং ৩টি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, নওগাঁর মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. বদরুল ইসলাম। জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক গাজী সবুজ আহম্মদ।
এ ছাড়া টাঙ্গাইলের ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আনিসুর রহমান, যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ।
ঢাকার উত্তরা সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হাফিজ উদ্দীন ভূঁইয়া। লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন ওই কলেজের উপাধ্যক্ষ আনোয়ার হোসেন এবং নোয়াখালীর সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক অনুপম চন্দ্র দাস।
অন্যদিকে, তিনটি সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজা, পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক সৈয়দ সাদিয়াল ফেরদৌস এবং বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক আবদুস সামাদ।
