কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে রেমোকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সান্তোস। প্রথম লেগ ০-০ সমতায় শেষ হওয়ার পর, দ্বিতীয় লেগের এই জয়ে দুই লেগ মিলিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটের টিকিট নিশ্চিত করল কুকার শিষ্যরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন রনি, আর সেটির নেপথ্যে কারিগর ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখানোর চেষ্টা করে সান্তোস। তবে প্রথমার্ধের সবচেয়ে বড় মুহূর্তটি ঘটে যখন রেমোর ডিফেন্ডার মার্লন পেনাল্টি বক্সের কাছে কাবালেরোকে ফাউল করে বসেন।
রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো প্রথমে কেবল হলুদ কার্ড দেখালেও, ভিএআর-এর পরামর্শে সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখান মার্লনকে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি সান্তোসের হাতে চলে যায়।
দ্বিতীয় আর্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ম্যাচের ভাগ্য নির্ধারণী তারকা নেইমার। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই নিজের জাত চেনান তিনি। ১০ নম্বর জার্সি পরা এই তারকার চমৎকার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড রনি।
নিজের ঘরের মাঠে গোল করে আবেগপ্লুত হয়ে পড়েন রনি। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, "আজকের রাতটা আমার জন্য খুবই বিশেষ। অনেক সংগ্রাম করে আজ এই পর্যায়ে এসেছি, নিজের ঘরের মানুষের সামনে এমন পারফরম্যান্স করতে পেরে গর্বিত। আর নেইমারের মতো বড় মাপের খেলোয়াড়ের কাছ থেকে অ্যাসিস্ট পাওয়াটা আনন্দের।"
এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি সান্তোস নিশ্চিত করেছে ৪ মিলিয়ন রিয়াল প্রাইজমানি। ড্রয়ের মাধ্যমে পরবর্তী পর্বে সান্তোসের প্রতিপক্ষ নির্ধারিত হবে।
