নিভে গেল প্রদীপ-এর আলো

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

মারা গেছেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত। মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতার ব্যক্তিগত ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি ভারতীয় গণমাধ্যমকে জানান, কিছুদিন আগে অভিনেতার ক্যানসার আবারও ফিরে আসে। এরপর এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘গজনি’ ও ‘লাগান’-এর প্রদীপ রাওয়াত, শান্তিতে ঘুমাও। ১৯৮৫ সালে ‘এতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হলেও নব্বইয়ের দশকে ‘অগ্নিপথ’, ‘কয়লা’, ‘সরফরোশ’ ও ‘মেজর সাব’-এর মতো সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন। 

তবে ২০০১ সালে ‘লাগান’-এ দেবা সিং সোধি এবং ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়কের চরিত্রে অভিনয় তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এর আগে ২০০৫ সালে সূর্য অভিনীত তামিল ‘গজনি’ সিনেমাতেও একই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও ছিল তার সমান দাপট। তেলেগু সিনেমা ‘সাই’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। এরপর ‘রাউডি রাঠোর’, ‘বাঘি’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। 

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। শক্তিশালী পর্দা উপস্থিতি, গভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় অভিনেতা হিসেবে বিবেচিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত