শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার বক্তব্য ও রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’। তাঁর দাবি, শেখ হাসিনার বিষয়ে ভারত ‘মায়াকান্না’ করছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে গ্যালারি হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, অতীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এক আইনজীবী ভারতে অবস্থান করে সংবাদ সম্মেলন করতে চাইলে তা করতে দেওয়া হয়নি। অথচ বর্তমানে ভারত থেকে শেখ হাসিনার অডিও বার্তা প্রচার ও বিভিন্ন অনুষ্ঠানে তাঁর বক্তব্যের সুযোগ দেওয়া হচ্ছে। এ ঘটনাকে তিনি ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, ভারত অন্য দেশের ‘দাগি পলাতক আসামির’ ক্ষেত্রেও পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

রিজভীর ভাষ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পেছনে দীর্ঘদিনের ক্ষোভ কাজ করেছে। তাঁর অভিযোগ, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা সরকার ছাত্র, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছিল।

ভারতকে উদ্দেশ করে রিজভী বলেন, দেশটি যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে অন্য দেশের একজন অভিযুক্ত পলাতক ব্যক্তিকে কীভাবে তাদের দেশে আয়োজিত অনুষ্ঠানে অডিও বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়-সেই প্রশ্নের জবাব থাকা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত