জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
আজ বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
আলোচনা সভার আমন্ত্রিত অতিথিদের একজন ছিলেন মিতু। চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আহত হয়ে তিনি এখনও চিকিৎসাধীন। তা সত্ত্বেও হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
