টানা ভারি বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নুনুজিয়া (১০) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
নিহত নুনুজিয়া উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। পাহাড়ধসে তাদের বসতঘর চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ (উপসচিব) আজগর আলী এ তথ্য নিশ্চিত করেন।
ক্যাম্প সূত্র জানায়, ৫ আগস্ট বুধবার দুপুরে টানা ভারী বৃষ্টির কারণে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-৫ ব্লকে জমির হোসেন নামের এক রোহিঙ্গার বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে তার ১০ বছর বয়সী মেয়ে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ জানান, পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী রোহিঙ্গা পরিবারগুলোকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের বারবার সতর্ক ও সচেতন করা হলেও অনেকেই সেই নির্দেশনা উপেক্ষা করে আবারও সেখানে বসবাস শুরু করছেন। ফলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
