চার দিনব্যাপী জুলাই চেতনা ভিত্তিক লোকজ মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁওয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগস্ট) বিকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু অংশগ্রহণ করে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং মুজ্জাম্মিল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. মোশাররফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, টুরিস্ট পুলিশ সোনারগাঁও জোনের অফিসার ইনচার্জ এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁও ক্রীড়া সংস্থার সদস্য সচিব খায়রুল ইসলাম সজীব, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর), জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা আবু সালেহ, রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
