মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

অন্যদিকে, রাত ২টার দিকে সাতক্ষীরাগামী একটি ট্রাক বালুহাটা এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামীম ঘটনাস্থলেই মারা যান।

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় শামীম হোসেন (৩৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে মনিরামপুর পৌর শহরের চুকনগর-সাতক্ষীরা মহাসড়কের বালুহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন উপজেলার গোয়ালপাড়া খালিশপুর এলাকার শেখ আক্তার আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বালুহাটা এলাকায় পরপর দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। রাত ৯টার দিকে একটি মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর মোটরসাইকেল চালক রাস্তায় পড়ে যান। তাকে বাঁচাতে গিয়ে ঢাকাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি ভেঙে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। খুঁটি ভেঙে যাওয়ায় পৌর শহরের কিছু এলাকায় প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

অন্যদিকে, রাত ২টার দিকে সাতক্ষীরাগামী একটি ট্রাক বালুহাটা এলাকায় দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক শামীম ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। মনিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাফায়েত হোসেন বলেন, রাত আড়াইটার দিকে তারা ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল।

থানা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা থেকে আখের গুড় নিয়ে খুলনার কপিলমুনির উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। মনিরামপুর পৌরসভার বালুহাটা এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চালককে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, বালুহাটা এলাকায় সড়কের পাশে নিয়মিত বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত