শেরপুরের নকলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান। সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।
সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন এমপি।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
