যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে 'বিশাল' পরিমাণ গোলাবারুদ রয়েছে। একই সঙ্গে এ ধরনের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্যবস্থা নেওয়া এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সূত্র আনাদোলু এজেন্সি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ করে নির্দিষ্ট ধরনের গোলাবারুদের 'বিশাল মজুত' রয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক সংখ্যক নতুন কারখানা ও উৎপাদন সুবিধা নির্মাণ করছে।
এর আগে বুধবার রাতে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, গত শুক্রবার প্রেসিডেন্টের অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে গোলাবারুদের ঘাটতি নিয়ে ব্যাখ্যা চান। পত্রিকাটি দুটি সূত্রের বরাতে জানায়, ট্রাম্প বৈঠকে বলেন যে তিনি মনে করেন গোলাবারুদের সমস্যার সমাধান হয়ে গেছে।
অন্যদিকে সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইরান-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের কৌশলে প্রভাব ফেলেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের প্রায় ৮০ শতাংশ মজুত ব্যবহার করে ফেলেছে।
এসব প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, এ ধরনের তথ্য ফাঁস করা 'রাষ্ট্রদ্রোহের' শামিল। যারা এসব তথ্য প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার চেষ্টা করা হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটও গোলাবারুদের ঘাটতি এবং ট্রাম্প-হেগসেথের মধ্যে মতবিরোধের খবরকে 'ভুয়া সংবাদ' বলে দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের সঙ্গে ক্যাম্প ডেভিডে ছিলাম। প্রতিবেদনে যা বলা হয়েছে, তার কিছুই ঘটেনি।'
পেন্টাগনের মুখপাত্র শন পারনেলও একই সুরে বলেন, গোলাবারুদের ঘাটতি এবং ট্রাম্প ও হেগসেথের মধ্যে বিরোধের খবর সম্পূর্ণ 'কাল্পনিক'।
