পতেঙ্গায় ৩ রেস্তোরাঁকে জরিমানা

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৫:০৩ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, বাসি খাবার সংরক্ষণ ও পোড়া তেল ব্যবহারের অপরাধে তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক ফয়েজ উল্লাহ।

অভিযান সংশ্লিষ্টরা জানায়, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাসি গ্রিল মুরগি ও কাঁচা মাছ-মাংস এক সঙ্গে সংরক্ষণ এবং ক্ষতিকর পোড়া তেল ব্যবহারের দায়ে ‘হোটেল পতেঙ্গা’কে ৬০ হাজার টাকা। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্নার অপরাধে ‘চাটগাঁও রান্নাঘর’কে ১০ হাজার টাকা ও ফ্রিজে অস্বাস্থ্যকর ও নোংরা উপায়ে বিভিন্ন খাদ্যদ্রব্য মজুত রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ‘ভ্যালেন্সিয়া ফুড কর্নার’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালক ফয়েজ উল্লাহ জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নগরজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত