কবি ও সাংবাদিক শাহনূর খানের ৩৮ তম মৃত্যুবার্ষিকী শনিবার (৮ আগস্ট)। ১৯৮৮ সালের এই দিনে যশোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শাহনূর খান পেশাগত জীবনে সাংবাদিক ছিলেন। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা, বাংলার বাণী ও দৈনিক খবর পত্রিকায় দায়িত্বে পালন করে ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্যচর্চাও করতেন। জীবদ্দশয়া তার ছোটগল্প, উপন্যাস, নাটক ও কাব্যগ্রন্থসহ একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
শাহনূর খান মূলত কবি। অসংখ্য কবিতা লিখেছেন যার বেশিরভাগই অপ্রকাশিত। নাট্যকার হিসেবেও তার অবস্থান প্রণিধানযোগ্য। তার বেশ কয়েকটি নাটক একাধিকবার মঞ্চস্থ হয়েছে। তবে সবচে সাড়া জাগিয়েছিল তার ‘সভাপতি বলবেন’ নাটকটি।
শাহনূর খানের প্রকাশিত কাব্যগ্রন্থ হলো অহংকারের সমান (১৯৮৬) ও স্মৃতিতে নেই স্বপ্নেও নেই (১৯৮৬)। তার রচিত গল্পগ্রন্থ হলো পরাজিত পৃথ্বীরাজ (১৯৮৯)। এছাড়া বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে তার কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও উপন্যাস ছাপা হয়েছে। আর সাংবাদিক হিসেবে লিখেছেন অসংখ্য কলাম।
১৯৪৬ সালের ৫ এপ্রিল টাঙ্গাইল জেলার সারেংপুর গ্রামে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন শাহনূর খান।
