শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে দুর্ধর্ষ ডাকাতি

  • অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মধ্যরাতে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে প্রাচীন পদ্ধতিতে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী!
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:৪০ এএম

গাজীপুরের শ্রীপুরে দরজা ভেঙে ঘরে ঢুকে আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাচলটিয়া গ্রাম এলাকার আবদুল সালাম মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ডাকাতদল নগদ টাকা, মোবাইল ফোন, দামি আসবাবপত্র ও কাপড়চোপড়সহ ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে শুক্রবার (৭ আগস্ট) সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, রান্নাঘরের ঢেকিমোড়া/ঢেঁকি দিয়ে ঘরের কাঠের দরজা ভেঙে ডাকাতদল ঘরে ঢুকে পড়ে। ৭-৮ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ব্যাপক লুটতরাজ চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্রসহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরিবারের সদস্য তানিমা সুলতানা জানান, মধ্যরাতে একদল মুখোশধারী ডাকাত ঢেঁকি দিয়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। পরে তারা পরিবারের সব সদস্যকে হাত-পা বেঁধে আগ্নেয়াস্ত্র ঠেঁকিয়ে জিম্মি করে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও কয়েকটি দামি মোবাইল ফোনসহ মূল্যবান সব মালামাল লুট করে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসিঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ সুমন মিয়া জানান, বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে।

গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফারুক মৃধা বলেন, রাতের আঁধারে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। বহু আগে এমন পদ্ধতিতে ডাকাতির চল ছিল। এখন ডাকাতদল নানা কৌশলে বাড়িতে ঢুকে ডাকাতি করে। তবে এ প্রাচীন পদ্ধতির ডাকাতি কাণ্ড সবার মাঝে আবারও আতঙ্ক ধরিয়ে দিল।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা এ ঘটনায় তদন্ত শুরু করেছি। তবে কেউ এখনো অভিযোগ দায়ের করেনি। লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত