জুলাইবিরোধী  ফেসবুক পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৭:৪২ এএম

জুলাই আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা এবং জুলাইবিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে করা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী শারাফাত শারিক রোহানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এ আদেশ দেন। রোহান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক বিশ্বজিৎ দেবনাথ জানান, আসামিপক্ষ জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে রোহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মানষ ভদ্র বৃহস্পতিবার রোহানকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় আসামির বিরুদ্ধে উসকানিমূলক ফেসবুক পোস্টের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টার অভিযোগ রয়েছে। এ ছাড়া জামিন পেলে পলাতক হতে পারেন উল্লেখ করে সুষ্ঠু তদন্তের স্বার্থে রোহানকে কারাগারে আটক রাখার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

এর আগে, গত বুধবার দুপুরে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল থেকে রোহানকে আটক করেন জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ সাইবার সুরক্ষা আইনে রোহানের বিরুদ্ধে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত