ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১০:২০ এএম

ভোলার মনপুরায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মো. তানজিল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তানজিল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফিরোজের ছেলে। ভুক্তভোগীর স্বামীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ভুক্তভোগীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে তানজিল ওই বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বামী বাড়িতে ফিরলে ভুক্তভোগী তাকে বিষয়টি জানান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে তানজিলকে আটক করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী তানজিলকে আসামি করে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মনপুরা থানার ওসি মো. মাজাহারুল ইসলাম বলেন, ভুক্তভোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত