কালিয়াকৈরে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কে পড়েছিল এক নারীর মরদেহ। শনিবার (৮ আগষ্ট) সকালে উপজেলার সফিপুর এলাকার উড়াল সড়ক থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই নারী হলেন, জামালপুরের ইসলামপুর থানার হাড়গিলা এলাকার আবুল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৩৮)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উড়াল সড়কের উপরে এক নারীর মরদেহ পড়েছিল। শনিবার সকালে ওই সফিপুর উড়াল সড়কের উপরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে থানায় নিয়ে যায়।

পরে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মরিয়মের পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মানসিক ভারসাম্যহীন ওই নারী পথচারী ছিলেন।

তিনি ওই উড়াল সড়ক দিয়ে হেটে যাওয়ার সময় রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। তার শরীর, মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ম (ওসি) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা  নেয়া হচ্ছে।



×
সর্বশেষ সর্বাধিক পঠিত