নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে পুরাতন তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শেখ রফিক (৬০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন মহিবুল (৪৮) নামে আরও এক শ্রমিক।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৫টায় রফিককে মৃত ঘোষণা করেন।
ফ্যাক্টরির এডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, ওই দুজন ওয়েল্ডিং মিস্ত্রি। একটি গাড়ির পুরাতন তেলের ট্যাংক গ্যাসের আগুনের মাধ্যমে কাটছিলেন। তখনই গ্যাস সিলিন্ডার বিকট বিস্ফোরণ হয়। এতে শেখ রফিকের পেটের নাড়িভুড়ি বেরিয়ে যায়। মাথাসহ শরীরে আঘাত পান মহিবুল। ঘটনার পরপরই তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শেখ রফিককে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন মহিবুল।
তিনি জানান, রফিকের বাড়ি কক্সবাজারের রামু থানায়। দুজনই কারখানার শ্রমিক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি বন্দর থানাকে অবগত করা হয়েছে। নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
