টেলিযোগাযোগমন্ত্রী

তরুণদের নেতৃত্বে দেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর সম্ভব

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

তরুণদের নেতৃত্বে দেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর সম্ভব বলে মনে করেন টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।

শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্ত্রী এসব  কথা বলেন।

তিনি বলেন, রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) রোবোটিক্স ক্লাবের আয়োজনে    ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর  সভাপতিত্বে জাতীয় রোবোটিক্স উৎসবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬ এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো.মামুনুর রশীদ ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ অনেকেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত