গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনোদিনই রাজনীতি করি নাই, আর করবও না।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির এজিএম, অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে খুব কমই দলীয় লোককে প্রতিষ্ঠানের বা কমিটির সভাপতি হিসেবে দেওয়া হয়েছে। যারা যেখানে জায়গাতে শিক্ষা প্রতিষ্ঠান করছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের কাছে যারা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, শিক্ষানুরাগী, তাদেরকে দিয়েই আমি চেষ্টা করছি স্কুল-কলেজের কমিটিগুলো দেওয়ার।’
তিনি বলেন, ‘আপনাদের সামনেও সবাই সামনে ওয়াদা করে যাচ্ছি, যে আমি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কোনোদিন রাজনীতি করি নাই। আর শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করব না।’
জাকারিয়া তাহের বলেন, ‘খুব কম হাইস্কুল বা মাদরাসা কমিটিতে দলীয় কাউকে আমি সভাপতি বা সেক্রেটারি বানাইছি। যারা হয়েছে তাদের অধিকাংশই শিক্ষানুরাগী বা তাদের তৈরি প্রতিষ্ঠান। কারণ যারা প্রতিষ্ঠান তৈরি করে তাদের সেটার প্রতি দরদ থাকে।’
শিক্ষার মান উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের কাছেও অনুরোধ করছি তারা যেন আরেকটু সময় বেশি দেন এবং আমাদের শিক্ষার মানটা যেন একটু উঠান। আপনাদেরকে আশ্বস্ত করছি, ইনশাল্লাহ আমি শিক্ষার প্রতিষ্ঠান বা শিক্ষার কোনো বিষয়ে কোনো সময় রাজনীতি করব না। শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখব।’
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমার নির্বাচনী ওয়াদা ছিল আমি এমপি হই বা না হই, মাদকের বিরুদ্ধে সবসময় অবস্থান নেব।’
তিনি বলেন, ‘আমাদের পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে, তবে আইনের একটু দুর্বলতা আছে। কারণ এখানেও গ্রেপ্তার হলে সঙ্গে সঙ্গে আবার তিন চার পাঁচ দিনের মধ্যে জামিন হয়ে যায়। এটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী কাজ করছেন। আগামী সেশনেই শক্ত একটা আইন আসছে।’
