চট্টগ্রাম নগরে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি ছোরা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, গ্রেপ্তার পাঁচ যুবক গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে শাহ আমানত সেতু এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী রিদোয়ান (২৫) ও তার স্বজন আব্দুর রাজ্জাকের পথরোধ করে দুটি মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্র, হাতঘড়ি, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। বাধা দিলে তাদের মারধর করা হয়।
এ সময় ঘটনাস্থলে হাজির রিদোয়ানের ছোট ভাই রিফাতুল ইসলামের উরু ও হাতে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনার পরদিন রিদোয়ানের ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে ভিসা কার্ড ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন বিকাশ মার্চেন্ট নম্বরে ১ লাখ ২৬ হাজার টাকা স্থানান্তর করা হয়। একই সময়ে রিদোয়ানের বিকাশ থেকে ৬ হাজার এবং তার ভাইয়ের বিকাশ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়। থানায় মামলা দায়েরের পর নগরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
জামিন বহাল, মুক্তিতে বাধা নেই খায়রুল হকের