কলম্বিয়ায় ৭.৪ মাত্রায় এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকো বিভাগের সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে।
তবে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে উল্লেখ করেছে। সংস্থাটি জানায়, এই ভূকম্পনের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দূরবর্তী এলাকাসহ কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলে জোর ঝাঁকুনি অনুভূত হয়। প্রাথমিক তথ্যমতে, কলম্বিয়ার মূল ভূখণ্ড ছাড়িয়ে ভেনেজুয়েলা সীমান্ত এলাকাতেও এই কম্পন অনুভূত হয়েছে।
এদিকে ভূমিকম্পে কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি। তিনি জানান, ভূকম্পনের ফলে তার বিভাগের রাজধানী কিবদো-তে স্থায়ী অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে। সম্ভাব্য আফটারশকের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
