ভারত-বাংলাদেশ সিরিজের অচলাবস্থা কাটার আশাবাদ প্রতিমন্ত্রীর

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

সেপ্টেম্বরে ভারতের প্রস্তাবিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত বিশ্বকাপ কেন্দ্রিক উত্তেজনা এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও কূটনৈতিক ও মন্ত্রিপর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টির ইতিবাচক সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দলের কিছু সদস্যের দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে সোমবার ঢাকায় এক ফুটবল টুর্নামেন্টের ফাঁকে সংবাদমাধ্যমকে আমিনুল হক বলেন,

"না না না... আমার মনে হয় না (ওই সংবাদ সম্মেলনের কারণে আমাদের সম্পর্ক তিক্ত হয়েছে)। আমি মনে করি খেলাধুলা মানেই খেলাধুলা, আর খেলাধুলার মাধ্যমেই আমাদের সকল প্রতিবেশী দেশের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি হয়।"

সিরিজটি আয়োজনের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে উচ্চপর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, "এটি নিয়ে মন্ত্রিপর্যায়ে কাজ চলছে। আমি আজকেই (সোমবার) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং তাঁরাও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন।"

দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক ও অচলাবস্থা নিরসন প্রসঙ্গে তিনি বলেন: "বিশ্বকাপকে কেন্দ্র করে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল, আমরা তা দ্রুত সমাধান করতে চাই। ইনশাআল্লাহ, আমরা অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এর সমাধান হয়ে যাবে।"

"আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দৃঢ়ভাবে বজায় রাখতে চাই, যার মধ্যে দুই দেশের মধ্যকার ক্রিকেট সিরিজও অন্তর্ভুক্ত। আমরা আশা করি এই বিষয়টি খুব দ্রুতই মীমাংসা হয়ে যাবে।"

সিরিজের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে দুশ্চিন্তায় ছিল, সেখানে একই দিনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাথে সরকারের শীর্ষ পর্যায়ের সাক্ষাৎকে বড় ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক এবং সার্বিক অগ্রগতি তুলে ধরে আমিনুল হক বলেন,

"ভারতীয় হাইকমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমি পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। গত বিশ্বকাপ নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তা দ্রুতই সমাধান হবে বলে তাঁরা অত্যন্ত আশাবাদী। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে। আমরা আশাবাদী যে, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে।"

×
সর্বশেষ সর্বাধিক পঠিত