বিএনপির নাম ভাঙিয়ে ভয়ভীতি ও চাঁদা দাবি, যা বলল দল

বিএনপির পদ-পদবি না থেকেও ছাত্রদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও অপকর্মের অভিযোগ; জাকারিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সতর্কবার্তা বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির।

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগে মো. জাকারিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত যৌথ বিবৃতি দিয়েছে স্থানীয় বিএনপি। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ওই ব্যক্তির সঙ্গে দলের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক যোগাযোগ নেই।

সম্প্রতি বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিষয়টি অবহিত করে একটি চিঠি দেওয়া হয়েছে। উক্ত লিখিত চিঠিতে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দের যৌথ স্বাক্ষর রয়েছে।

চিঠির তথ্য অনুযায়ী, অভিযুক্ত মো. জাকারিয়া বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের কাজী কারী মো. মনজুরুল হকের ছেলে। চিঠিতে উল্লেখ করা হয়, তার বাবা স্থানীয় জামায়াতের একজন প্রভাবশালী নেতা এবং বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাকারিয়া উপজেলা বিএনপির কোনো পদে না থেকেও ছাত্রদলের পরিচয় ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখানো এবং চাঁদাবাজির মতো নানা অভিযোগে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

নেতৃবৃন্দ কঠোর বার্তা দিয়ে জানান, জাকারিয়ার সঙ্গে বিএনপি পরিবারের দূরতম কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। দলের কোনো সদস্য যদি তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ বা সম্পৃক্ততা রাখেন, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জাকারিয়ার বিষয়ে সতর্ক থেকে তার সঙ্গে সকল প্রকার সম্পর্ক এড়িয়ে চলার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত