চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের নিদা গাজী পাড়া এলাকার মো. শাহাজাহান (৫৫) নিজের প্রবাসী ছেলে শওকতের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১১আগষ্ট) বিকেলে মৃত্যুবরণ করে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার রাতে পারিবারিক কলহের জের ধরে ক্ষুদ্ধ হয়ে প্রবাসী ছেলে মো. শওকত পিতা মোঃ শাহাজাহানকে আঘাত করেন । যার একপর্যায়ে মাথায় গুরুতর জখম হয়ে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে যান। তাকে প্রথমে গুনাগরীতে অবস্থিত বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে ছেলে শওকত নিজেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী শওকত পরিবারকে না জানিয়ে পাশের গ্রামের একটি মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছিলেন, যা নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। পারিবারিক কলহ থেকে এ ঘটনার সুত্রপাত বলে জানান তারা ।
কালীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, বাবা-ছেলের বাগবিতণ্ডা থেকেই এই ঘটনার সূত্রপাত। বহুদিন ধরে চলা এই পারিবারিক কোন্দলকে আশপাশের লোকজন সাধারণ ঘটনা ভেবে গুরুত্ব দেননি, যার ফলশ্রুতিতেই আজকে মৃত্যুর মত এমন দুর্ঘটনা ঘটে যায়।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, মা-মেয়ে ও বাবা-ছেলের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়া মো. শাহাজাহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অভিযুক্ত শওকতকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান ।